নাগেশ্বরীতে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন /
নাগেশ্বরীতে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানাধীন অনন্তপুর বিওপির আওতাভুক্ত পশ্চিম রামখানা এলাকার ফেলানীর মোড় নামক স্থানে নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকালে কয়েকজন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দল।

এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দিয়ে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ২৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।