নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত, ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন /
নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত, ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

নিউজ ডেস্ক


কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৪/১ সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ভারতের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।

বৈঠক শেষে লে. কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ নতুন করে কোনো সড়ক নির্মাণ করবে না। তারা কেবল ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়কটির সংস্কার কাজ করছে। ভবিষ্যতে নতুন কোনো নির্মাণকাজ হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে হবে। বিষয়টি যাচাইয়ের জন্য দ্রুত একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একাধিক পতাকা বৈঠক ও বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ নির্মাণকাজ বন্ধ করে। এরই ধারাবাহিকতায় সোমবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে জিরো লাইনের প্রায় এক কিলোমিটার পুরোনো সড়ক সংস্কার ছাড়া নতুন কোনো সড়ক নির্মাণ না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।