
কুড়িগ্রাম প্রতিনিধি: দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ‘স্বদেশী বৈশাখ ১৪৩৩’। স্বদেশী বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৪ এপ্রিল, কলেজ মোড়স্থ জুলাই ইসলাম প্রাঙ্গণে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিটে কলেজ মোড় থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী হালখাতা ও পান্তা-ইলিশের আয়োজন।
দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে ‘বৈশাখী আসর’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নারী-পুরুষের অংশগ্রহণে হাড়িভাঙ্গাসহ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন রাখা হয়েছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে সমাজে দেশীয় চেতনাকে জাগ্রত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে অংশ নিতে সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :