হামার কুড়িগ্রাম

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন, ফের আলোচনায় ইউএনও

রাজারহাট প্রতিনিধি

মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তাঁর বক্তব্যের এ বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বক্তব্যে শুধু সম্বোধন নয়, রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউএনও বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু রাজারহাট নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ভিজিএফের চাল বস্তাবন্দি করার উদ্যোগের প্রশংসা করেন তিনি। তাঁর ভাষ্য, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে সেই সমস্যা কমবে।

সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। তাঁর মতে, এ উদ্যোগ সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি উদ্দীপনা বাড়াবে।

এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে এক ব্যক্তিকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

Exit mobile version