দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ


HK প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন /
দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ

মোঃ মাইদুল ইসলাম | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে নদীতীরে বাঁধ নির্মাণ এবং ভাঙন প্রতিরোধে কংক্রিট ব্লক স্থাপনের কাজ করছে। তবে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের কারণে নবনির্মিত প্রকল্পটি হুমকির মুখে পড়ে। পাশাপাশি নদীপাড়ের বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে প্রশাসন অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, অভিযান চলাকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।