দশম গ্রেডে বেতন দাবি: স্বাস্থ্যকর্মীদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন


hamarkur6 প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৪:১২ অপরাহ্ন /
দশম গ্রেডে বেতন দাবি: স্বাস্থ্যকর্মীদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

নিউজ ডেস্ক

বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টও ডিপ্লোমা ফার্মাসিস্টরা।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত পালন করা এ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা লোকজন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ফার্মাসিস্ট আয়েশা পারভীন বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে; কিন্তু কোনো লাভ হচ্ছে না।”

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে।

পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি। তাই ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে আমরা ২৬-২৯ নভেম্বরের মধ্যে দাবি দাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলাম।

“আজ (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালনের কথা থাকলেও গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি।”

হৃদরোগ ইনস্টিটিউটে আসা এক রোগীর স্বজন রমজান আলী বলেন, “কর্মবিরতি থাকার কারণে ডাক্তারের দেওয়া টেস্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে করতে হয়েছে।”

এতে হয়রানির পাশাপাশি বাড়তি খরচ হওয়ার কথা জানান তিনি।