
শাহজাহান খন্দকার ।। উলিপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ শে ডিসেম্বর সন্ধ্যায় উলিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উলিপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহরের প্রধান সড়কে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “তারেক রহমানের আগমন—গণতন্ত্রের জয়গান”, “দেশ বাঁচাও, গণতন্ত্র ফেরাও”, “তারেক রহমান এগিয়ে চলো—আমরা আছি তোমার সাথে”সহ বিভিন্ন স্লোগান দেন। হাতে হাতে দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক নতুন অধ্যায় সূচিত করবে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে আবারও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি জনগণের দল। সকল বাধা ও দমন-পীড়ন উপেক্ষা করে বিএনপি জনগণের অধিকার আদায়ে মাঠে রয়েছে এবং থাকবে। তারেক রহমানের দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করেছে।
আনন্দ মিছিলে উলিপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :