উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে নদীর তীরবর্তী অঞ্চলে গণবিক্ষোভ হয়েছে। ‘ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করতে হবে’—এই দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে তীব্র রোদ উপেক্ষা করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।
শনিবার সকালে রাজারহাট উপজেলার কালিরহাট এলাকায় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তারা তিস্তা মহাপরিকল্পনার বিরুদ্ধে চলমান ‘অপপ্রচার’র তীব্র নিন্দা জানান এবং প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বিক্ষোভে বক্তারা বলেন, “তিস্তা অববাহিকার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, বন্যা ও খরায় চরম দুর্ভোগ ভুগছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। একটি মহল পরিবেশের নামে এই প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
তারা আরও অভিযোগ করেন, এই অপপ্রচার প্রকল্প বাস্তবায়নকে বিলম্বিত করার চক্রান্ত ছাড়া কিছু নয়। এতে উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিক্ষোভকারীরা দাবি করেন, ডিসেম্বর মাসের মধ্যেই যেন তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়। পাশাপাশি নদী পুনর্খনন, দুই পাড়ে আধুনিক বাঁধ নির্মাণ এবং কার্যকর সেচব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তারা।
মুকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন গ্রীণ ভিলেজ ফাউন্ডেশন কুড়িগ্রামের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিস্তা নদী সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান ও উত্তরাঞ্চলের জনজীবনের উন্নয়নে এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

