জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে সংযুক্ত মজিদা আদর্শ ডিগ্রী কলেজ


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ২:২২ অপরাহ্ন /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে সংযুক্ত মজিদা আদর্শ ডিগ্রী কলেজ

কুড়িগ্রাম জেলার মজিদা আদর্শ ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘সাইবার এক্সপ্লোরার গেমস’, যেখানে বিশেষ বুথের মাধ্যমে শিক্ষার্থীরা অংশ নেয় সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রমে। পাশাপাশি তারা গেমস খেলে নিজেদের আইকিউ টেস্টে অংশগ্রহণের সুযোগ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাইদুল ইসলাম মামুন ও ফারিজুল করিম। জানা যায়, তিন দিনব্যাপী বুথ ক্যাম্পেইনে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সাইবার সেফটি, ডিজিটাল সুরক্ষা এবং অনলাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা গ্রহণ করবে।

আজ সোমবার (১৮ই আগস্ট) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলেই বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সহজ হবে এবং বাংলাদেশ উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে অগ্রসর হবে।

এই ওরিয়েন্টেশনে দেশের প্রায় ৮০০টি কলেজ অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন। সমাপনীতে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা।