হামার কুড়িগ্রাম

চিলমারীতে ১৫ লাখ টাকার আইস ও ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।বুধবার (২২ জুলাই) বিকেলে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা গ্রামে এ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম।

পলাতক ব্যক্তি মো. একরামুল ইসলাম (৪৭), তিনি রাজারভিটা গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে তিনি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার ঘর তল্লাশি করে শয়নকক্ষের স্টিলের শোকেসের ড্রয়ার থেকে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেছেন।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, উদ্ধারকৃত আলামতসহ লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে এবং মামলা রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে।

Exit mobile version