Site icon হামার কুড়িগ্রাম

চিলমারীতে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

কিশামতবানু আলোর দিশারী পাঠাগারের উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬ খ্রি. (সিজন–৪)-এর মেগা বিগ ফাইনাল ম্যাচ চিলমারীতে গতকাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

চিলমারী উপজেলার বালাবাড়ী হাট সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচে রংপুর জেলার প্রতিধ্বনি খেলাঘর আসর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ফুটবল একাডেমী মুখোমুখি হয়।

টানটান উত্তেজনাপূর্ণ ও হাই ভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় একমাত্র গোলের ব্যবধানে রংপুরের প্রতিধ্বনি খেলাঘর আসর ১–০ গোলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার উদ্বোধন ও শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মইনুল ইসলাম মানিক—সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর; প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বপ্ন ফাউন্ডেশন এবং আসন্ন ৭ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, চিলমারী উপজেলা পরিষদ। তিনি বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমদাদুল হক, প্রধান শিক্ষক, রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক মিয়া, সমাজসেবক, ব্রাকমোড়, চিলমারী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল সালাম সরদার (পোল্ট্রি ব্যবসায়ী), উলিপুর, হ্যালিপেট।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা মোঃ নুর আলম, অধ্যক্ষ, বালাবাড়ীহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী, রসুলপুর, উলিপুর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল রংপুর—প্রতিধ্বনি খেলাঘর আসরকে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্স-আপ দল গাইবান্ধা—সুন্দরগঞ্জ ফুটবল একাডেমীকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফাইনাল খেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে খেলোয়াড়, রেফারি, স্বেচ্ছাসেবক, অতিথিবৃন্দ ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Exit mobile version