Site icon হামার কুড়িগ্রাম

চিলমারীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চিলমারী প্রতিনিধি


কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম চিলমারী উপজেলার কুটিরগ্রাম এলাকার বাসিন্দা। কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চিলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version