ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (৪৮) নামের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আব্দুল হামিদ গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শনিবার (২০ জুন) বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সহিদুল ইসলাম বাজার এলাকায় যাওয়ার সময় ওৎ পেতে থাকা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল মিয়ার ছেলে রকি (২৭)সহ ৫-৭ জন যুবক তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়দের দাবি, আব্দুল হামিদ গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি কালিরহাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদা দাবি করা হলে তিনি বিষয়টি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমানকে জানান। তিনি এর প্রতিবাদ করলে ক্ষুব্ধ হয়ে হামিদ গ্রুপ তার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তার ছোট ভাই সহিদুল ইসলাম এগিয়ে এলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত সহিদুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






