কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


hamarkur6 প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন /
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামি ও স্বতন্ত্রসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও এ আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
তাসভীর উল ইসলাম (বিএনপি), ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াতে ইসলামি), অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ—চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস) এবং আব্দুল খালেক (স্বতন্ত্র)।

এর মধ্যে পাঁচজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী ও মামুন অর রশিদ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবু সাঈদ জনী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেননি। পাশাপাশি বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “এ আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।”