
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে পোস্টার লাগানোর পর পুলিশ ও গোয়েন্দা সংস্থা দ্রুত নড়েচড়ে বসে। পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক জায়গায় পোস্টার লাগানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী মিনিবাস থামিয়ে সেখানে থাকা পাঁচ তরুণকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, আটক তরুণরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন। সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী।
ডিবি জানায়, পোস্টার লাগানোর স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। তারা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা থেকে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিল। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।
পুলিশ ইতিমধ্যেই আটকের পর পোস্টারগুলো সরিয়ে দিয়েছে। পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন,
“নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :