
মাসুদ রানা সাগর, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রাম সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. মোকলেছুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর নওয়াবশ এলাকার মো. ইউনুস আলী (৫০), মো. রিয়াজুল ইসলাম (৪২), মো. এন্তাজ আলী (৪৫) ও মোছা. মো বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে মোকলেছুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২১ নভেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা তার বাড়ির বেড়া ভাঙতে শুরু করলে তিনি বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার স্ত্রী শরিফা বেগম (৪০) ও মেয়ে আলফাতুন বেগমকেও মারধর করা হয়।

এছাড়া হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং জমিতে থাকা দুটি আম গাছ ও পাঁচটি সুপারি গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :