Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়ন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম।

বক্তারা বলেন, “আমরা ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাব। তাই মহিলা দলের নেত্রী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাচ্ছি।”

তারা আরও বলেন, “এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছেন। তাই মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিতভাবে এই আসনে ধানের শীষ জয়লাভ করবে।”

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, “বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব।”

Exit mobile version