কুড়িগ্রাম-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন /
কুড়িগ্রাম-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী জনাব মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয় কর্তৃক ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরিত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রার্থী হিসেবে অনুমোদন না থাকলেও নাগেশ্বরী পৌরসভার হাশেম বাজার পশ্চিম পাড়ায়ডাঙ্গার একটি মাদ্রাসার শিশুদের নিয়ে সাইকেল র‌্যালি, সভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় লিফলেট বিতরণ, মাইক ব্যবহারসহ বিভিন্ন উপায়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০১৫-এর ১৫(খ) ও ১৭(ঙ) ধারার লঙ্ঘন

এ প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি সংশ্লিষ্ট প্রার্থীকে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টায় কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশটি যথাযথ ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুলিপি প্রদান করা হয়েছে।