কুড়িগ্রামে শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

ফজরুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ৬নং ওয়ার্ডের গড়েরপাড় এলাকা থেকে ধরলা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আজিজ নাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উপদেষ্টা মো. এরশাদুল হক, সভাপতি জীবন কুমার সেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। রিকশা চলাচলের মতো ন্যূনতম অবস্থাও নেই। সড়কজুড়ে অসংখ্য বড় বড় গর্ত ও খালে পরিণত হওয়ায় সাইকেল কিংবা পায়ে হেঁটেও চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

তারা আরও বলেন, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে এ সড়কে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারে না। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াতসহ নিত্যদিনের কাজে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। এছাড়া বাঁধে থাকা দুই-তিনটি স্লুইসগেট দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে আছে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন বন্যা মৌসুমে পানির চাপ ও প্রবল স্রোতের কারণে বেহাল অবস্থার এই বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এতে লক্ষাধিক মানুষ ভয়াবহ দুর্ভোগের মুখে পড়বে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে শহর রক্ষা বাঁধটি সংস্কারের জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আজিজ নাহিদ