ডেস্ক নিউজ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ হাটে দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, একই এলাকার মরহুম আব্দুল শেখের চার ছেলে দীর্ঘ এক যুগ ধরে জোড়গাছ হাটে তিনটি হোটেল ও একটি ফলের দোকান পরিচালনা করে আসছেন। গত ১৭ জুন পাওনা টাকা চাইতে গেলে কুদ্দুস গংয়ের লোকজন তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে সিদ্দিকের হোটেলে হামলার পর পর্যায়ক্রমে আরও তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
তারা অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা বাজারসংলগ্ন ওয়াবদা বাঁধ এলাকার দুটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। আহতরা প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও সেখানে গিয়েও তাদের ভয়ভীতি দেখানো হয়। পরে তারা কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
