
ডেস্ক নিউজ
কুড়িগ্রামে বিএনপির এক নেতার গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুলকে ভোটারদের ‘না’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেখা যায়।
ভিডিওতে মুকুলকে বলতে শোনা যায়, ‘আরেকটা ব্যালট দিবে—“হ্যাঁ” আর “না” মার্কা। “না” ভোট দিবেন। “হ্যাঁ” দিলে মুন্সিরঘর জয়যুক্ত হবে।’ এ সময় তার সঙ্গে থাকা যুবদল নেতা রোকনও ‘না’ ভোটের পক্ষে কথা বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের মাঝে প্রচারণার সময় ‘ধানের শীষ’ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়।
ভিডিওর সত্যতা স্বীকার করে এমদাদুল হক মুকুল বলেন, এটি ‘স্লিপ অব টাং’। প্রান্তিক পর্যায়ে কথা বলতে গিয়ে ভুলবশত এমন বক্তব্য এসেছে। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে এবং তিনিও সেই অবস্থানেই আছেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য দুঃখজনক। বিষয়গুলো ভোটারদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা উচিত।
আপনার মতামত লিখুন :