কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার


HK প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা চলাকালে দালাল চক্রের সক্রিয়তা ধরা পড়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দালাল ও পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রম শুরু হয় এবং ১৩ আগস্ট দুপুর পর্যন্ত প্রায় ২ হাজার প্রার্থী মাঠ পরীক্ষায় অংশ নেন। এ সময় পুলিশ লাইন্সের বাইরে একটি দালাল চক্র নিয়োগের আশ্বাস দিয়ে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভূয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন–কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালার চর এলাকার নুরনবী ইসলাম (১৮), একই উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার হজরত আলী (৪৮) এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলায়মান মিয়া (৫০)।

এছাড়া, মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও জাল স্বাক্ষরের মাধ্যমে কৃতকার্য হওয়ার চেষ্টা করায় আরও দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া এলাকার নাহিদ মিয়া (১৯) এবং ফুলবাড়ী উপজেলার আতিয়াবাড়ি এলাকার রাকিবুল হাসান রাকিব (১৯)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি বজলার রহমান বলেন, “নিয়োগে অসৎ পন্থা অবলম্বন করার কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এবারও সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন করা হবে।”