
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নবনিযুক্ত শিক্ষককে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ মিয়া, সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ও সেক্রেটারি ইমরান বিন সোলায়মান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষকতার মহান দায়িত্ব নিষ্ঠা, সততা ও গবেষণার মাধ্যমে পালন করার আহ্বান জানান। শহর শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান বলেন, “দীর্ঘ প্রতীক্ষা ও সংগ্রামের পর আজ আপনারা শিক্ষকতার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছেন। এখন দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধের পাশাপাশি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।”
প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সুন্দর পরিবেশে আজ এ সংবর্ধনা আয়োজন সম্ভব হয়েছে। সত্যিকার অর্থে যারা আদর্শ হতে চান তারাই আর্দশ শিক্ষক ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছেন।”
বক্তারা শিক্ষকতা পেশাকে সমাজের সর্বশ্রেষ্ঠ ও মহৎ পেশা হিসেবে অভিহিত করে নবনিযুক্ত শিক্ষকদের দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :