কুড়িগ্রামের চারটি আসনে একক প্রার্থী, নির্ভার বিএনপি


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন /
কুড়িগ্রামের চারটি আসনে একক প্রার্থী, নির্ভার বিএনপি

মোঃ মোস্তাফিজার রহমান ।। হামার কুড়িগ্রাম

আসন্ন জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনেই বিএনপির একক প্রার্থী থাকায় দলটির মধ্যে স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অভ্যন্তরীণ কোন্দল বা মনোনয়ন দ্বন্দ্ব না থাকায় প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপি এবার বেশ নির্ভার অবস্থানে রয়েছে।

অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে— এনসিপি শেষ সময়ে জামায়াতসহ ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে সমঝোতায় যেতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি আসনে নতুন করে ভোটের হিসাব-নিকেশ তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের মত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য জোটবদ্ধতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। তবে এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে সমঝোতার ঘোষণা দেয়নি।

স্থানীয় পর্যায়ে বিএনপির নেতারা জানান, একক প্রার্থী থাকার সুবিধায় মাঠে নামতে সুবিধা হবে এবং ভোটারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো সহজ হবে। অন্যদিকে সম্ভাব্য জোটপ্রক্রিয়া এগোলে ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে—এমন প্রত্যাশা ও আশঙ্কা দুই-ই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুড়ান্তভাবে কুড়িগ্রামের চারটি আসনে দলের একক প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী—

২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী): সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য

২৬ কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট): সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য সচিব

২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর): তাসভীরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য

২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর): আজিজুর রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য

মনোনয়ন প্রসঙ্গে আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন,

“কুড়িগ্রামের চারটি আসনে যাদের মনোনীত করা হয়েছে, তৃণমূলও তাদেরকেই চেয়েছে। জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে একযোগে মাঠে কাজ করবে।”

তিনি আশা প্রকাশ করে আরও বলেন,

“ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে কুড়িগ্রামের সব আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন—আমরা সে লক্ষ্যে কাজ করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একক প্রার্থী ঘোষণা হওয়ায় কুড়িগ্রামে রাজনৈতিক দলগুলো এখন আরও নির্বাচনমুখী ও কৌশলগতভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে।