ডেস্ক নিউজ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা একটি আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক কবির মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি খালার বাড়ি থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে রমনা ফেরিঘাট এলাকায় পৌঁছান।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নৌযান না পেয়ে তারা রাতযাপনের জন্য ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।অভিযোগ অনুযায়ী, স্বামী খাবার কিনতে বাইরে গেলে কক্ষে থাকা গৃহবধূ ও তার আট মাস বয়সী সন্তানকে একা পেয়ে হোটেল মালিক কবির মিয়া তাকে ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি জানান।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযোগ এড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।পরদিন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে।
পরে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, মামলার পর অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
