
মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি কচাকাটা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচাকাটা থানা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অধিকার আদায়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
দিবসটি ঘিরে শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :