উলিপুর পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন /
উলিপুর পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবিন্দ জি মন্দির সংলগ্ন কাচারী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আকস্মিকভাবে আগুন লেগে বকশি মোঃ অয়ন সরকার (পিতা: মরহুম আজিজার রহমান)-এর বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টার দিকে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর ফায়ার সার্ভিসের সদস্য আব্দুর রাজ্জাক জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে আনুমানিক দুই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা হলেও স্টেশনটি পঞ্চমুখী মোড়ে অবস্থিত হওয়ায় তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।”


তিনি আরও জানান, ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান জনবহুল ও যানজটপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত জরুরি কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।


এ ঘটনায় উলিপুর উপজেলার সর্বস্তরের জনগণ ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত মেইন রোডসংলগ্ন সুবিধাজনক স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে দ্রুত সেবা দেওয়া সম্ভব হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, “এক নিমিষেই সব শেষ হয়ে গেছে। ঘরে থাকা টাকা-পয়সা, কাপড়চোপড়, আসবাব—কিছুই রক্ষা করা যায়নি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছি।”


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তার দাবিও জানানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।