
মোঃমাইনুল ইসলাম, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম এলাকায় মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত টিআর প্রকল্পের প্রায় দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর জামে মসজিদ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নানা সমস্যায় জর্জরিত ছিল। স্থানীয় মুসল্লিদের দাবির প্রেক্ষিতে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় মসজিদ সংস্কারের জন্য ১ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির নম্বর ছিল ৪৪/২০২৫-২০২৬।
অভিযোগ রয়েছে, মসজিদ কমিটিকে না জানিয়ে ১ ও ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগমের স্বামী কেরামত আলী ওরফে কেছু নিজেকে প্রকল্পের সভাপতি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেন। পরে ভুয়া বিল-ভাউচার তৈরি করে উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এলাকাবাসী বিষয়টি জানতে পেরে গত ৩ মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের টাকা উত্তোলনের তথ্য জানতে পারেন। মসজিদ কমিটির সদস্যরা দাবি করেন, তারা এ বিষয়ে কিছুই জানতেন না।
মসজিদ কমিটির লোকজন সাংবাদিকদের জানান, বিষয়টি কেরামত আলীকে জানানো হলে তিনি মীমাংসার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সামান্য কিছু টাকা মসজিদে দেওয়ার কথা স্বীকার করেন।
এলাকাবাসীর অভিযোগ, কেরামত আলীর বিরুদ্ধে এর আগেও ভিজিএফের চালসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :