উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও সংগঠিত করতে কাজ শুরু করেছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম’। ইতোমধ্যে উপজেলার ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে এ ফোরাম।
স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করা, কাজের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও অনিবন্ধিত সংগঠনগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই ফোরামটি কাজ করছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফোরামের আহ্বায়ক সাজ্জাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এতে ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী বাশার, মারুফ শেখ প্রান্ত ও লায়ন ইবনে নুর অংশ নেন।
মতবিনিময়কালে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের কাছ থেকে তাদের সংগঠনের নানা সমস্যা, কার্যক্রম ও কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত জানা হয়। পাশাপাশি সংগঠনগুলোকে আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

ফোরামের সদস্য সংগঠন পান্ডুল যুব সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের দায়িত্বশীলরা আমাদের সংগঠনে এসে অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তারা আমাদের বেশ কিছু সুন্দর পরামর্শ দিয়েছেন, যেগুলো কীভাবে বাস্তবায়ন করতে হয় সে কৌশল আমাদের জানা ছিল না।”
ফোরামের আহ্বায়ক সাজ্জাদ বলেন, “আমাদের দায়িত্বশীলরা বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছেন। সেখানে বিভিন্ন সংগঠনের সমস্যা ও সংকটের কথা শুনছি এবং সেগুলো নোট করছি। পর্যায়ক্রমে প্রশাসন, জনপ্রতিনিধি ও নিজেদের উদ্যোগে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “যেসব স্বেচ্ছাসেবী সংগঠন এখনো নিবন্ধনের আওতায় আসেনি, পর্যায়ক্রমে তাদের নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠনগুলোকে আরও শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”






