
জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের লেবাররুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ২৮ অক্টোবর দৈনিক জনকণ্ঠ ও হামার কুড়িগ্রামে “উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৩০ অক্টোবর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, অনিয়ম সমূহ সংশোধন না হওয়া পর্যন্ত জনগনের সুষ্ঠ স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্লিনিকের লেবাররুম ও অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্লিনিকের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, পরিস্কার পরিচ্ছন্নতা সন্তোষজনক নয়, ক্লিনিকের সার্বিক দিক অগোছালো, ডিউটি ডাক্তারের উপস্থিতি পরিলক্ষিত হয় নাই (যারা দায়িত্ব পালন করেন তারা অনকলে থাকেন), বর্জ্য ব্যবস্থাপনার জন্য কালার কোড অনুসরন করে বীন সংরক্ষন করা নাই এবং অত্র ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ নবায়ন নাই। প্রতিবেদনে আরো উল্লেখ্য করা হয়, প্রতিষ্ঠানের ত্রুটি সমূহ সংশোধন ও লাইসেন্স নবায়ন অন্তে পরিদর্শন কমিটির সন্তোষজনক প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির উল্লেখিত কার্যক্রম চালু করার বিষয়ে নির্দেশনা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হইবে।
এ বিষয়ে উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের পরিচালক ডা. লোকমান হাকিম জানান, নির্দেশনা পাওয়ার পর ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকে পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার বেলাল বকসীর স্ত্রী মিথী খাতুনকে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়। ওই রাতেই নবজাতক জন্মগ্রহণ করেন। এ সময় নবজাতকের মায়ের জরায়ু কেটে ফেলা হয় এবং সেখানে ১২টি সেলাই দেয়া হয়। এরপর নবজাতকের শ্বাসকষ্ট হলে পরদিন ২১ অক্টোবর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :