উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মণ্ডলহাট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সৌরভের অভিযোগ, সার কেনার জন্য মণ্ডলহাট বাজারে গেলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা পেছন থেকে এসে তাকে মারধর করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘বড় ছাত্রলীগবিরোধী হয়ে গেছিস’ বলেও মন্তব্য করা হয় বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের দাবি, মাসুম বিল্লাহ উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরেছেন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌরভ আরও অভিযোগ করেন, হামলার পর স্থানীয় বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পল্লী চিকিৎসক আব্দুল কাদের শামীম ঘটনাস্থলে আসেন। বিষয়টি জানালে তিনি হামলাকারী মাসুমকে নিজের ফুফাতো ভাই পরিচয় দিয়ে বিষয়টি ভুলে যাওয়ার পরামর্শ দেন বলে দাবি করেন সৌরভ।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল কাদের শামীম। তিনি বলেন, হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; ঘটনার পর সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। মাসুম তার ফুফাতো ভাই বলে স্বীকার করে তিনি বলেন, “সত্যিই যদি সে ফ্যাসিস্ট হয়, তবে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেব।”
এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, সৌরভ একজন পরিবেশকর্মী ও জুলাই আন্দোলনের কর্মী। তার ওপর হামলার ঘটনায় দ্রুত থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তারা এখনো অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






