উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন /
উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার।। উলিপুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আশিক হাসান শোভন। তিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক জিয়ন রায়হান।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ওয়াহেদ আলী। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বেঙ্গর ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ভিপি মোঃ হাসিব লগ্ন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ খায়রুজ্জামান সরকার, অ্যামিটি ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান দুর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সদস্য মোহাম্মদ সাকিব এবং ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাকিব হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।