
ডেস্ক নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে গনঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। “বৈষম্যহীন উলিপুর গড়ি” স্লোগানকে সামনে রেখে তিনি উলিপুরকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও শিল্পায়নে সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইশতেহারে প্রার্থী জানান, উলিপুরকে একটি আধুনিক ও টেকসই জনপদে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষা খাতে উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও মহিলা কলেজ স্থাপন, কারিগরি ও কৃষি কলেজ চালুর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ইউনিয়ন পর্যায়ে ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সুবিধা সম্প্রসারণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও কৃষি উপকরণ সরবরাহ, বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এছাড়া প্রশাসনিক উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পৌরসভার পরিধি বৃদ্ধি, নতুন সড়ক ও বাইপাস নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উলিপুরের সড়ক নেটওয়ার্ক আধুনিকীকরণ, সেতু ও কালভার্ট নির্মাণ, রেল ও নৌপথ উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
ইশতেহারের শেষাংশে সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী বলেন,
“উলিপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে উলিপুরকে একটি বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল জনপদে রূপান্তর করাই আমার অঙ্গীকার।”
এ সময় তিনি উন্নয়নের স্বার্থে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও ট্রাক মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :