উত্তরের দুই জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন /
উত্তরের দুই জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পায়নকে নতুন মাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে করণীয় নির্ধারণে লালমনিরহাটে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি বলেন, কৃষিনির্ভরতার পাশাপাশি আধুনিক শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ভৌগোলিক অবস্থান, কৃষি ও প্রাকৃতিক সম্পদের কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম শিল্পায়নের জন্য সম্ভাবনাময়। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চল দেশের শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান পাবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, দুই জেলার প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা কৃষি প্রক্রিয়াজাত শিল্প, পাট ও বস্ত্র খাত, হালকা প্রকৌশল এবং সীমান্ত বাণিজ্যের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিল্পায়নের জন্য অবকাঠামো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জেলা প্রশাসন কাজ করছে এবং ভবিষ্যতে এ অঞ্চলকে শিল্পাঞ্চলে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

এই আলোচনা সভাকে উত্তরাঞ্চলের শিল্পায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।