‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান


Shahariar Srejon প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন /
‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাঙালিদের আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি ওকলাহোমায় একটি অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের সময় ঘটে দুর্ঘটনাটি।

জানা গেছে, মোটরসাইকেলের সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। মঞ্চে প্রবেশের সময় হঠাৎ আগুন ছিটকে গিয়ে জায়েদ খানের শরীরে পড়ে। সঙ্গে সঙ্গে দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বিশ্রামে আছেন তিনি।

ঘটনার বিষয়ে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। এখন চিকিৎসা নিয়ে বিশ্রামে আছি।”

তিনি আরও বলেন, “দ্রুত রেসকিউ না করলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেত। আশপাশের সবকিছুতেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।”

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। কবে দেশে ফিরবেন, তা এখনও নিশ্চিত করেননি এই অভিনেতা।