প্রত্যন্ত চরাঞ্চলের তরুণদের ক্রীড়ামুখী করতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের ব্যতিক্রম উদ্যোগ


Hamar Kurigram প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন /
প্রত্যন্ত চরাঞ্চলের তরুণদের ক্রীড়ামুখী করতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের ব্যতিক্রম উদ্যোগ

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের চরাঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার আওতায় আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ফুটবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে চরাঞ্চলে সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য সদস্যরা।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের অনেক শিশু-কিশোরের মাঝেই অসাধারণ খেলাধুলার প্রতিভা রয়েছে। সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে।”

তিনি আরও বলেন, “মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই চরাঞ্চলে নিয়মিত ফুটবল, কাবাডিসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সভায় জেলা ক্রীড়া সংস্থার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলা সংক্রান্ত ব্যয় চেকের মাধ্যমে পরিশোধ, দোকান ভাড়ার বকেয়া আদায়, রেফারি-কোচ-আম্পায়ারের তালিকা প্রণয়ন এবং বাৎসরিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং চরাঞ্চলের তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।