আগুনে সব হারানো পরিবারের পাশে রাজারহাট উপজেলা প্রশাসন


HK প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন /
আগুনে সব হারানো পরিবারের পাশে রাজারহাট উপজেলা প্রশাসন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা মৌজায় আগুনে পুড়ে যাওয়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গত ৮ নভেম্বর রাত ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মো. আমির উদ্দিনের তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়দের দ্রুত তৎপরতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ঘটনার পর আজ (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় হিলফুল ফুজুলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, কম্বলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী আরিফ হাসান, ইউনিয়ন সদস্য লিটন সরকার এবং বিডি ক্লিন রাজারহাট উপজেলা প্রধান সমন্বয়ক ওয়াদুদ রোহান প্রমুখ।

এ সময় ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ নিরূপণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।