অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র তীরে নিরাপত্তা জোরদার, পুলিশ সুপারের তদারকি


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন /
অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র তীরে নিরাপত্তা জোরদার, পুলিশ সুপারের তদারকি

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য এ স্নান উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, নিরাপদ ও শৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এরই অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন ও নিরাপত্তা ডিউটি তদারকি করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন এবং চিলমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীরজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় ফোর্স।