অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৪ ভাটা গুঁড়িয়ে, জরিমানা ১৬ লাখ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন /
অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৪ ভাটা গুঁড়িয়ে, জরিমানা ১৬ লাখ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে চারটি ভাটার কিলন গুঁড়িয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে এক্সকেভেটর দিয়ে অবৈধ ভাটার কিলন ভেঙে ফেলা হলে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় কার্যক্রম। দীর্ঘদিন ধরে এসব ভাটার কারণে ফসলি জমির ক্ষতি, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগ ছিল স্থানীয়দের।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উলিপুরের গুনাইগাছ এলাকায় মেসার্স একেএম ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসকে ৫ লাখ টাকা, চিলমারীর কিষামাতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. রেজাউল করিম। এ সময় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।