
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে অদম্য নারী জয়িতা পুরস্কারের জন্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাহমুদা খাতুন এবং গীতা পাঠ করেন স্বপনা সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এএসআই শামসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের ছালেহা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের শেফালী খাতুন, সফল জননী নারী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সুফিয়া খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রাবেয়া খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আসমা খাতুন নির্বাচিত হন।
অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের নারীদের অনুপ্রেরণা জোগাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :