ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী শহরের ডাকবাংলো এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। এ ছাড়া মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।






