চিলমারীত প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনা হলেও পরে কেটে খুচরা বিক্রি করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকায়।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।
সেদিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।
