কুড়িগ্রাম জেলা পরিষদের শিশুপার্ক নির্মাণে হোঁচট, কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার পলাতক


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:২২ অপরাহ্ন /
কুড়িগ্রাম জেলা পরিষদের শিশুপার্ক নির্মাণে হোঁচট, কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার পলাতক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শিশুপার্কের কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার নুর জামান কুড়িগ্রামের বাইরে অবস্থান করছেন। এতে দীর্ঘদিন ধরে থমকে আছে নির্মাণকাজ; অনিশ্চয়তায় পড়েছে পার্কটির ভবিষ্যৎ।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রায় ৭৩ শতাংশ জমির ওপর শিশুদের বিনোদনের জন্য আধুনিক শিশুপার্কের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২-২০২৩ অর্থবছরে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা। নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের অক্টোবরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের ঠিকাদারি পান কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছোট ভাই নুর জামান। শুরুতে নির্মাণকাজ এগিয়ে গেলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার কুড়িগ্রামের বাইরে চলে গেলে কাজ কার্যত বন্ধ হয়ে যায়।

এদিকে, পার্কে ইতোমধ্যে সম্পন্ন হওয়া কাজগুলো নির্ধারিত সিডিউল অনুযায়ী হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করা হয়। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

ঠিকাদার নুর জামান বলেন, “পরিস্থিতি অনুকূলে না থাকায় আমি কুড়িগ্রামের বাইরে অবস্থান করছি। এতে সমস্যা নেই। লোক দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করব।”

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজল ইসলাম বলেন, শিশুপার্কের নির্মাণকাজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা, তা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।