কুড়িগ্রামে স্বামী-স্ত্রী একসঙ্গে শিক্ষকতায় যোগদান


HK প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন /
কুড়িগ্রামে স্বামী-স্ত্রী একসঙ্গে শিক্ষকতায় যোগদান

অনলাইন নিউজ ডেস্ক ॥

একই সঙ্গে শিক্ষকতার পেশায় যুক্ত হলেন কুড়িগ্রামের এক দম্পতি। মোছা. রেজওয়ানা জাহান রিশা ও তার স্বামী মো. আহসান হাবীব সম্প্রতি ভিন্ন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।

রিশা উলিপুর উপজেলার মেয়ে। তিনি উদ্ভিদবিজ্ঞানে পড়াশোনা শেষ করে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে যোগদান করেছেন। অন্যদিকে চিলমারীর সন্তান আহসান হাবীব রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে কয়ারপার বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ পান।

নিজেদের অনুভূতি প্রকাশ করে রিশা বলেন, “শিক্ষকতা আমাদের স্বপ্নের পেশা। একই সময়ে আমি আর আমার স্বামী শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মাঝে নিজেকে উৎসর্গ করতে চাই।”

আহসান হাবীব বলেন, “একসঙ্গে শিক্ষকতায় আসা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আমরা চাই শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন, “তাদের যুগল সাফল্যে আমরা গর্বিত। আশা করি তারা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবেন।”

স্বামী-স্ত্রীর একসঙ্গে শিক্ষকতায় যোগদানকে ঘিরে স্থানীয় শিক্ষা পরিবারে আনন্দের সঞ্চার হয়েছে।