হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাইসা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় রাইসা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথমে তার সন্ধান মেলেনি।

নিহত রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রফিকুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নূরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদে ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Exit mobile version