কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলার পূজামণ্ডপগুলোতে নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার সময়সূচি প্রচারের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা কার্যালয়।
রোববার (১১ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অন্য ধর্মের প্রতি সহিষ্ণু মনোভাব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ছয় দিন কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৫৬৭টি পূজামণ্ডপে নামাজের সময়সূচি অনুযায়ী বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ফজরের নামাজের সময় ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত ১ ঘণ্টা ২০ মিনিট, জোহরের নামাজের সময় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টা, আসরের নামাজের সময় বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট, মাগরিবের নামাজের সময় বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত ৪৫ মিনিট এবং এশার নামাজের সময় রাত ৭টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১ ঘণ্টা ১৫ মিনিট বাদ্যযন্ত্র বন্ধ রাখতে বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূজা উদযাপন সংশ্লিষ্ট সভাপতি, সম্পাদক, পুরোহিত ও সেবায়েতদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে।





