ডেস্ক নিউজ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৭ জুন) রাতে রমনা ইউনিয়নের পনতিপাড়া ও সরকারপাড়া এলাকার প্রায় আড়াই থেকে তিন শতাধিক মানুষ এ ঘটনায় অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের অভিযোগে চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর জেরে বিক্ষুব্ধ জনতা রমনা ঘাট এলাকার অন্তত সাতজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের একাধিকবার মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করা হলেও তারা তা বন্ধ না করায় দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে এ হামলা চালায়।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ঘটনার পর মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে এবং মামলা করারও ভয় দেখাচ্ছে। এ ঘটনায় রোকুনজ্জামান রানু, লিমন মিয়া, রুবেল মিয়া, মামুন মিয়া ও মাইদুল ইসলাম আহত হয়েছেন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।
