
সাইফুর রহমান শামীম ।। কুড়িগ্রাম সদর
উত্তরের জেলা কুড়িগ্রামে টানা দুই সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন।
এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি-২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যাচ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এসএসসি-২০০৩ ব্যাচের সদস্যরা এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন। কম্বল পেয়ে শীতকাতর মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাদিকুর রহমান এবং পুরো আয়োজনের দিকনির্দেশনায় ছিলেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন বলেন, “কুড়িগ্রাম একটি দরিদ্র জেলা। উত্তরের হিমেল হাওয়ার কারণে প্রতি বছরই এখানকার অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটায়। তীব্র এই শীতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের। সচেতন মহলের প্রত্যাশা—এমন উদ্যোগ সমাজে মানবিকতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
আপনার মতামত লিখুন :