বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, গুনাইগাছ ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের আওতায় নারী কর্মী নিয়োগের বিষয়ে কথা বলতে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার ইউনিয়ন পরিষদ ভবনে যান। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কারী হাবিবুর রহমান ও তাঁর অনুসারীরা সেখানে উপস্থিত হন।

নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কারী হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি উপজেলা প্রকৌশলীর ওপর চড়াও হন এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ওই ইউপি সদস্য।

ভুক্তভোগী উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, “সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী আরআরএমইপি প্রকল্পের কর্মী বাছাই ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল। কিন্তু কারী হাবিবুর রহমান তাঁর পছন্দের লোকজনকে নিয়োগ দিতে চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তিনি ও তাঁর অনুসারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে আমাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা কারী হাবিবুর রহমান বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানাতে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে শুধু বাগ্‌বিতণ্ডা হয়েছে, কাউকে লাঞ্ছিত করা হয়নি।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনা আমি কখনো আশা করিনি। আশা করি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি সমাধান করবেন। সমাধান না হলে আইনি ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 4

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]