স্বপ্ন যখন থমকে যাচ্ছিল, তখন পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:০২ অপরাহ্ন /
স্বপ্ন যখন থমকে যাচ্ছিল, তখন পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

রাজারহাট প্রতিনিধি


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ মারুফ হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা–তে মেধা তালিকায় উত্তীর্ণ হলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

পরবর্তীতে মারুফ হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান মহোদয়ের নিকট আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে তাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মারুফ হোসেনকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তার এই মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আর্থিক সংকটের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। মারুফ হোসেনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের দ্রুত সহযোগিতা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মেধাবী শিক্ষার্থী মারুফ হোসেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আর্থিক সহায়তা না পেলে আমার মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হওয়া কঠিন ছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমি নতুন করে আশার আলো দেখছি।”